দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সৌন্দর্য ও অভিনয়ে এখনো দর্শকমনে জায়গা দখল করে আছেন তিনি। গত শনিবার হুট করেই জয়া দিলেন নতুন খবর।
জানালেন, ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর পর এবার ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসছেন তিনি।
দুই বছর আগে মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী। ভারতের পশ্চিমবঙ্গের সিনেমাটিতে অভিনয় করেছিলেন এপার বাংলার অভিনেত্রী জয়া আহসান। ব্যবসার পাশাপাশি সিনেমাটি সমালোচকদেরও মন জুগিয়েছিল। এবার জানা গেল, এর দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। আগে গল্প যেখানে শেষ হয়েছিল, এর পর থেকেই শুরু হবে এবারের গল্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৌশিক গাঙ্গুলি ইঙ্গিত দিয়েছেন সিকুয়ালের। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘অর্ধাঙ্গিনী-২’তে থাকছেন জয়া আহসানও। রোববার সকালে সমাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন পরিচালক কৌশিক। সেখানে দেখা যায়, একটা শাড়ি আর তার ওপরে রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা। সঙ্গে রয়েছে শাঁখা, পলা, নোয়া বাঁধানোর মতো সমস্ত এয়ো চিহ্ন। ক্যাপশনে ছবির গানের লাইন ধার করে লেখা ‘দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল, তবু কেমন যেন আলাদা আলাদা সব!’ এ পোস্টেই অর্ধাঙ্গিনী ২-এর ইঙ্গিত পান সিনেপ্রেমীরা। অনেকেই সে পোস্টে কমেন্ট করেছেন ‘তাহলে কি অর্ধাঙ্গিনী-২’? আবার কেউ লেখেন ‘কেন এ সিনেমার জন্য এতদিন অপেক্ষা করালেন?’ আবার সরাসরি নতুন সিনেমার কাজ শুরু হওয়া সম্পর্কেও জানতে চেয়েছেন একাংশ। সব জল্পনার অবসান হতে চলেছে শিগগিরিই। আগামী জুনেই শুরু হচ্ছে সিকুয়ালের কাজ। এদিকে জয়া আহসান বর্তমানে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং ও ‘ডিয়ার মা’য়ের পোস্ট-প্রডাকশনের কিছু কাজের জন্য বর্তমানে কলকাতায় রয়েছেন।










