এ বছরের তালিকায় একমাত্র বলিউড অভিনেতা রণবীর কাপুর। ফলে বিষয়টি তার ও বলিউডের জন্য বিশেষ হয়ে উঠেছে। ঘটনাটি আরো আগ্রহোদ্দীপক হয়ে উঠেছে, কেননা টাইমে রণবীরকে নিয়ে একটি নোট লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

রণবীরের জীবনীমূলক নোটটিতে তার অভিনয়শৈলী ও প্রভাব সম্পর্কে খুরানা লিখেছেন, ‘‌কিছু অভিনেতা আছেন যারা উত্তরাধিকার গড়ার চেষ্টা করেন, আর কিছু আছেন যারা তাদের শিল্পের মাধ্যমে নিজেই উত্তরাধিকার হয়ে ওঠেন। রণবীর কাপুর সেই দ্বিতীয় শ্রেণীর। ভারতীয় সিনেমার মতো এত বিস্তৃত ও আবেগপ্রবণ শিল্পে আমরা প্রায়ই মহানতাকে পরিমাপ করি শব্দের তীব্রতায়—বক্স অফিস সংখ্যা, ভক্তদের উন্মাদনা, প্রথম দিনের আয়। কিন্তু মাঝে মাঝে এমন একজন অভিনেতা আসেন, যিনি নিঃশব্দে এমন কিছু পরিবর্তন আনেন, যা অনেক বেশি স্থায়ী—আমাদের দর্শক হিসেবে আবেগের ভাষাকে বদলে দেন। রণবীর প্রতিটি সিনেমায় সেটাই করে চলেছেন। যেখানে অভিনয় প্রায়ই অতিরঞ্জিত হয়, সেখানে তিনি ভেতরে ভেতরে অনুভব করেন। তিনি শান্ত সংযমের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে তুলে ধরেন। তিনি এমন এক ভারতের প্রতিনিধিত্ব করেন, যা নিজেকে শোনার শিক্ষা নিচ্ছে এবং সরল স্বতঃস্ফূর্ততার মাধ্যমে ছাপ রেখে যাচ্ছে। বৈশ্বিক পরিসরে, রণবীরের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সেতুবন্ধ তৈরি করেন। তিনি এমন এক ভারতের প্রতীক, যা শুধু পরিসরে নয়, সংবেদনশীলতায়ও বিকশিত হচ্ছে।

আমাদের সিনেমা বিশ্বকে প্রভাবিত করছে। রণবীর শুধু একজন চলচ্চিত্র তারকা নন—তিনি একজন গল্পকার, যিনি বৈশ্বিক দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তাদের এমন এক পৌরাণিক ও ঐতিহাসিক দেশের গল্প শোনান, যেখানে রামায়ণ-এর মতো মহাকাব্য অন্য সভ্যতা ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে।’

উল্লেখ্য, টাইমের তালিকায় ভারতীয়দের মধ্যে শেফ বিকাশ খান্না ও গুগলের সিইও সুন্দর পিচাইয়ের নাম রয়েছে।

সূত্র: বলিউড হাঙ্গামা