চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। ট্রেলার মুক্তির এক মাসেরও বেশি সময় পর এবার প্রকাশ্যে এল সিনেমার নতুন এক টিভি টিজার। সেখানে দর্শক প্রথমবারের মতো বড় পর্দায় দেখতে পেল জনপ্রিয় গীতিকার ও র‌্যাপার ট্র্যাভিস স্কটকে।

নতুন এ টিজার সম্প্রচার হয় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া আয়োজন এনএফএল এএফসি চ্যাম্পিয়নশিপ ম্যাচের সময়, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস বনাম ডেনভার ব্রঙ্কোস ম্যাচের বিরতিতে। টিজারটি সম্প্রচারের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে, বিশেষ করে ট্র্যাভিস স্কটের প্রথম লুক ঘিরে।

টিজারে দেখা যায়, ট্র্যাভিস স্কট একটি টেবিলের ওপর দাঁড়িয়ে সৈন্যদের একটি দলের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। সে দলে রয়েছেন টম হল্যান্ডের টেলিমেকাস ও জন বার্নথালের মেনেলাউস চরিত্র দুটিও। যদিও অনলাইনে এখনো টিজারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও স্কটের দৃশ্যগুলো এরই মধ্যে ভাইরাল।

নোলানের এ মহাকাব্যিক সিনেমার মাধ্যমেই অভিনয়ে অভিষেক হচ্ছে ট্র্যাভিস স্কটের। এর আগে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত নোলানের অস্কারজয়ী সায়েন্স ফিকশন থ্রিলার ‘টেনেট’–এ দুজন একসঙ্গে কাজ করেছিলেন, যদিও সেটি ছিল সংগীতসংশ্লিষ্ট। দ্য ওডিসিতে স্কট কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো নির্মাতারা গোপন রেখেছেন।