জনপ্রিয় ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ) তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে। দেশটির সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সৌরভ পালোধি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এ অভিনেতা। তালসারি সমুদ্র সৈকতে সাগরে নামেন তিনি। এ সময় পানিতে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সন্ধ্যা ৬টার দিকে তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।
ধারাবাহিকটিতে রাহুলের চাচার চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সবাই তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। সেখানেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওর (রাহুল)। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
ভাস্কর আরো জানান, তারা শুটিং শেষে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরো কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।
আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষের পর পানিতে নামেন রাহুল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।
‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে বড়পর্দায় সফর শুরু করেছিলেন রাহুল। জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। পরে তার সঙ্গেই প্রেম ও বিয়ে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে।
২০২৫ সালের ছবি ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এও অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিছু দিন আগে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে।










