এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী। একজন নাট্যকার থেকে নিজেকে অভিনয়েই ব্যস্ত করে তুলেছেন। নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘দরদ’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নতুন ধারাবাহিকে অভিনয় করলেন এ অভিনেত্রী।

‘ফুল গাঁও’ নামে ধারাবাহিকটির গল্প রচনা করেছেন মাসুম রেজা। এটি শিগগিরই প্রচার শুরু হবে। এ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র নীলা। নীলার ফুলের ব্যবসা ছিল। কলকাতা থেকে দেশে ফিরেই নীলা বাবার সে ব্যবসার দায়িত্ব নেন। এ ধারাবাহিকের শুরু থেকেই নীলা চরিত্রে নিয়মিত কাজ করছেন এলিনা শাম্মী।

19

এলিনা শাম্মী বলেন, ‘শ্রদ্ধেয় মাসুম রেজা ভাইয়ের স্ক্রিপ্ট আর লাভলু ভাইয়ের নির্দেশনা, এ যেন সোনায় সোহাগা। লাভলু ভাই এমনই একজন পরিচালক, যিনি স্ক্রিপ্টের ওপরই নির্ভর করে নাটক নির্মাণ করেন। আর ভীষণ যত্ন নিয়ে ধৈর্য ধরে দৃশ্যধারণ করেন। যতক্ষণ শিল্পীর অভিনয় পারফেক্ট হচ্ছে না, ততক্ষণ তিনি চেষ্টা করেই যান শিল্পীর কাছ থেকে পারফেক্ট অভিনয় বের করে আনার। যে কারণে তার নাটকের প্রত্যেকটি দৃশ্য এত প্রাণবন্ত হয়। আমার পরম সৌভাগ্য যে আমি আবারো লাভলু ভাইয়ের নির্দেশনায় ধারাবাহিকে কাজ করছি এবং আমার চরিত্রটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। লাভলু ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ শিগগিরই ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার শুরু হবে। শাম্মী জানান, এর আগেও তিনি একই পরিচালকের নির্দেশনায় ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছিলেন। এদিকে শাম্মী অভিনীত মিজানুর রহমান লাবু পরিচালিত ‘আতর বিবি লেন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। শাম্মী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। তার অভিনীত প্রথম সিনেমা শাহআলম কিরনের ‘৭১-এর মা জননী’।