ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু শব্দটা শুনলেই কেমন যেন রহস্য, ভয় আর অশুভতার আবহ তৈরি হয়। একসময় মফস্বল এলাকায় শব্দটি বেশি প্রচলিত থাকলেও এখন তা শহুরে জীবনেও প্রবেশ করেছে। এ রহস্যময় বিষয় নিয়েই এবার নাটক নির্মাণ করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন নাটকের নাম নসিব। এ নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপড়েন। গল্প ভাবনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজেই অংশু রেখেছেন নিজস্ব ছাপ। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। গাঙচিল প্রডাকশনের ব্যানারে নির্মিত এ নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তী উর্বি। গতকাল গাঙচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নসিব নাটকের ট্রেলার প্রকাশ হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকের দারুণ সাড়া মিলছে।

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এ গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি আছে প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ, বলতে গেলে ইউনিক। এমন একটি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকও নতুনত্ব খুঁজে পাবে।’

প্রথমবার এমন গল্পে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এটা আসলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার ও ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি দর্শক মুগ্ধ হবে।’

প্রিয়ন্তি উর্বিও জানালেন তার অনুভূতি, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত। এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

গাঙচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, এ নাটক প্রকাশ পাবে ১০ জুলাই, তাদের ইউটিউব চ্যানেলে। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমী দর্শকের জন্য এটি হতে পারে এক অন্য রকম অভিজ্ঞতা।–নাটকটি ভয়, প্রেম, প্রতিশোধ আর অতিপ্রাকৃত কল্পনার এক মিশ্র অভিজ্ঞান।