পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় লাইসেন্স ব্যতীত খামার ও পোষা পাখির দোকান স্থাপন ও পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করছে বন বিভাগ।

এই লক্ষ্যে, মঙ্গলবার (২০ আগস্ট) পোষা পাখির দোকান মালিকদের জরুরি ভিত্তিতে পোষা পাখির দোকান স্থাপন ও পরিচালনাকারী লাইসেন্স গ্রহণের জন্য বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা-২০২০ এর বিধি ৪ মোতাবেক লাইসেন্স গ্রহণ ব্যতীত কোরো খামারি পোষা পাখির উৎপাদন, লালন-পালন, খামার স্থাপন, ক্রয়-বিক্রয় বা আমদানি-রফতানি করতে পারবেন না বা কোনো পেটশপ পরিচালনাকারী পোষা পাখি ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ধারা অনুযায়ী, লাইসেন্স গ্রহণ ব্যতীত খামার ও পেটশপ স্থাপন ও পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে তিনি ১ বছরর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।