আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সেভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।’ মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সভায় রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিজিবির মেজর আবরার, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহতাসিম রসুলসহ পাঁচটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে সাংবাদিকদের মো. আলমগীর বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোট কেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। এমনকি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে। বিভিন্ন জেলায় যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সঙ্গে মতবিনিমিয় হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আচরণ বিধিমালা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। আগের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েন ছিল, সেহেতু এবারের সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সেভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।’

নির্বাচনে বিদেশী কোন কোন দেশ থেকে কারা পর্যবেক্ষক হিসেবে আসবে, তাদের তালিকা নির্বাচন কমিশন হাতে পেয়েছে উল্লেখ করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘বিদেশীরা নির্বাচন দেখতে আসবে না, এমন কথা কেউ এখনো বলেনি।’

বিএনপি যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বহির্বিশ্বের কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, সেটা দলের সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অন্য একজনকে চাপিয়ে দিতে পারে না। বাস্তবতার ক্ষেত্রে পূর্বাভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না। নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহ্বান করা হচ্ছে। এখনো বলা হচ্ছে। শুধু বিএনপিকে একাই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছে কমিশন।’