নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় মালবোঝাই একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা একটি প্রাইভেটকারও দুর্ঘটনার শিকার হয়। এতে তিনটি গাড়িতে থাকা ৬৩ জন আহত হন।
আরো জানা যায়, আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহত বাসের এক যাত্রী ও ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস, ট্রাক ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।










