জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতিকে মালিকের কাছ থেকে পুনরায় বন বিভাগের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
এর আগে গত ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ হাতি দুটিকে পৃথক দুই ব্যক্তির জিম্মায় দিয়েছিল। পরবর্তীতে জিম্মাগ্রহীতারা নির্ধারিত শর্ত যথাযথভাবে পালন করছেন না—এমন তথ্য মন্ত্রীর নজরে আসে। এর প্রেক্ষিতে হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
মন্ত্রীর নির্দেশে আজ সোমবার বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটি পুনরায় হেফাজতে নেন।
মন্ত্রী বলেন, বন্যপ্রাণীর কল্যাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্যপ্রাণী জিম্মায় দেয়া হলে নির্ধারিত শর্ত পালনে ব্যত্যয় ঘটলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বন বিভাগ জানায়, ‘নিহার কলি’ নামের মাদি হাতিটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকা থেকে এবং ‘সম্রাট বাহাদুর’ নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে হেফাজতে নেয়া হয়েছে।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, মন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী বর্তমানে মঙ্গোলিয়ায় কপ-১৭ সম্মেলনে অবস্থান করলেও নিয়মিতভাবে তিনি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন।
বর্তমানে হাতি দুটি বন বিভাগের তত্ত্বাবধানে গাজীপুর সাফারি পার্কে নেয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করবেন। পরে হাতিগুলোকে নির্ধারিত শেডে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।










