চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামে খুলনা থেকে ছেড়ে আসা  ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা জানান, আমিরপুর গ্রামের মরহুম রহমানির স্ত্রী নিগারুন নেছা (৮০) দুর্ঘটনার সময় আমিরপুর ও বোয়ালমারী গ্রামের মাঝামাঝি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি রেললাইনের ওপর পড়ে যান। ওই সময় তিনি ট্রেনের চাকায় কাটা পড়েন। পরে বৃদ্ধার মরদেহ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ফাঁড়িতে নেয়া হয়। পরিবারের সদস্যদের এ দুর্ঘটনার ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেয়া হয়েছে।