নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খালের পানিতে ডুবে মারা যাওয়া গাওছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার চার ছাত্রীকে পাশাপাশি দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় বরকান্দা গ্রামের শতদল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে স্কুলের পাশের বরকান্দা সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ সময় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী।

গতকাল রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ৩৮।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বড়কান্দা গ্রামে খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো ওই গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মূলত সাঁতার না জানার কারণে পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে। সাঁতার না জেনে শিশুরা যাতে পানিতে না নামে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। মারা যাওয়া শিশুদের পরিবারকে তাৎক্ষণিক সরকারিভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

এদিকে গতকাল সকালে একই উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) ও নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান এ ঘটনার বিষয় নিশ্চিত করেন।