বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় সাধারণ ডয়েরি (জিডি) করেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সোমবার বাড্ডা থানা এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ বলছে, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হুমকির মেইলটি পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। TypicalChineseman@gmail.com ই-মেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার একাধিক বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। মেইল বার্তায় বলা হয়েছে, ‘জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না।’
এ বিষয়ে এক বিবৃতিতে ব্রাক বিশ্ববিদ্যালয়ে জানিয়েছে, ‘এ ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।’

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন বণিক বার্তাকে বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি ইমেইল পাঠিয়ে সেখানে হামলার হুমকি দেয়া হয়েছে। ইমেইলে লেখা হয়েছে সেখানে ব্যাপক বোম্বিং করা হবে। এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা অভিযোগটি পাওয়ার পর থেকেই কাজ করছি।