দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সভায় সম্পাদকদের লেখনীর মাধ্যমে দেশের সত্য ও বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদ ও রাজপথে জামায়াতের বিরোধিতাকে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাখার নীতির কথা তুলে ধরেন।

আর রাজপথে বিরোধী দলের আন্দোলন থাকলেও দেশের সামগ্রিক স্থিতিশীলতা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে পরামর্শ দেন সম্পাদকরা। গণতন্ত্রের উত্তরণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংসদকে কার্যকর রাখতে সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় ওঠে আসে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মতবিনিময় সভা শেষে গোলাম পরওয়ার বলেন, সম্পাদকেরা পরামর্শ দিয়েছেন, আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে সমালোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথেও আপনারা থাকেন। কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারে কোনো কোনো সম্পাদক আমাদের আমিরের সহযোগিতা চেয়েছেন।

তিনি আরো বলেন, সম্পাদকদের সঙ্গে সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরেছেন আমির। গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকট ও এর উত্তরণে সংসদে ও রাজপথে বিরোধী দলের ভূমিকার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। জামায়াত যে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে যাচ্ছে, সভায় সে বিষয়টিও তুলে ধরা হয়েছে।

প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে বাজে সংস্কৃতির যে খারাপ ঐতিহ্য ছিল, সেটি ভেঙে ভালো কাজে সরকারকে সহযোগিতা করা এবং জনস্বার্থবিরোধী কাজে প্রতিবাদ করার নীতির ওপর জামায়াত অটল আছে বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সভায় সম্পাদকদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। সম্পাদকদের পক্ষ থেকেও জামায়াতের এ নীতির প্রশংসা করা হয়েছে।

সম্পাদকেরা বিরোধী দলের সহযোগিতার জায়গায় সহযোগিতা এবং বিরোধিতার জায়গায় বিরোধিতার মাধ্যমে দেশকে স্থিতিশীল রাখতে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেছেন বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সভায় জামায়াতের আমীর সম্পাদকদের বলেছেন, সব অন্যায় ও জনবিরোধী কাজে বিরোধী দল সব সময় প্রতিবাদ জারি রাখবে। তবে সেই বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক।

এ ছাড়া সভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে সম্পাদকদের সঙ্গে জামায়াতের আমিরের প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর করার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ও প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে জামায়াত। কিন্তু তারপরও স্পিকারের পক্ষ থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ পাইনি। বরং বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আমিরে জামায়াত তুলে ধরেছেন।

এছাড়া উন্নয়নকাজে বরাদ্দ দেয়ার ক্ষেত্রে, সংসদে কথা বলার ক্ষেত্রে, আইন প্রণয়নে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকে ইনসাফ না পাওয়ার বিষয়টিও সভায় বিরোধী দলীয় নেতা তুলে ধরেছেন বলেও গোলাম পরওয়ার জানিয়েছেন। লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার ক্ষেত্রে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, অতীতের বিরোধী দল বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে যেভাবে অস্থিতিশীল করেছে, সেসব ইতিহাসও স্মরণ করেছেন সম্পাদকেরা। এ ক্ষেত্রে সরকারকেও দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন তারা।

মতবিনিময় সভায় সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামসুল আরেফীন প্রমুখ।

এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় কার্যকরের ক্ষেত্রে ১১–দলীয় ঐক্য তিল পরিমাণ ছাড় দেবে না। সংসদে এটি নিষ্পত্তি হলে ভালো, নইলে তারা রাজপথে থাকবেন।

মতবিনিময় সভায় জামায়াতের পক্ষ থেকে দলটির নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলনা রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আযাদসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।