শ্রীলংকায় শুক্রবার শুরু হয়েছে নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টি। গতকাল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১৭ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে সিংহলিজ নারীরা।

আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫৯ বলে ৪৮ রান করেন। ১৪ বলে ২৫ রান করে শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন স্বর্ণা আক্তার। ২১ বলে ৩১ রানের জুটি গড়েন দুজন। ১৮তম ওভারে টানা তিন বাউন্ডারিতে ১৪ রান তুললেও ওই ওভারেই ছক্কা মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। এতে রানের চাকা শ্লথ হয়ে পড়ে। যদিও শেষ দিকে সহঅধিনায়ক নাহিদা আক্তারকে নিয়ে ১০ বলে ১৫ রান যোগ করে দলের সংগ্রহ ১১১ পর্যন্ত নিয়ে যান তিনি।

১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৪ রান। শেষ ২৪ বলে আরো দুটি উইকেট হারিয়ে বোর্ডে ৩৭ রান তুলতে সমর্থ হয় টাইগ্রেসরা। শ্রীলংকার হয়ে ইনোশি ও প্রাবোধানি দুটি করে উইকেট নেন। এ রান দিয়ে শ্রীলংকাকে আটকানো সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। 

গতকাল ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২২ রানে হারিয়েছে থাইল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৩ রান তোলে থাইল্যান্ড। জবাব দিতে নেমে মালয়েশিয়ার মেয়েরা ৮ উইকেটে ১১১ রান তুলতে সমর্থ হয়। 

আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে ও ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন নিগাররা। ২৬ জুলাই দুটি সেমিফাইনাল ও ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নবম নারী এশিয়া কাপ ক্রিকেটের।