বেনাপোল স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালান গতকাল আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। ক্যাপসিকাম ঘোষণা দিয়ে পণ্য চালানে আনা হয়েছিল থ্রিপিছ ও মাদকদ্রব্য। এ ঘটনায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, যশোরের মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ ২ ডিসেম্বর ৪ হাজার ৯২৭ কেজি ক্যাপসিকাম আমদানি ঘোষণা দেয়। যার এলসি নম্বর ০৫১০২১০১০৪৩২। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বেনাপোলের স্বদেশ ট্রেডিং। পণ্যটির রফতানিকারক ভারতের বনগাঁও শহরের মণ্ডল ইন্টারন্যাশনাল। কিন্তু ক্যাপসিকামের ঘোষণায় আনা হয়েছে এক হাজার ৫০ পিস দামি থ্রিপিছ, ২৪০ কেজি শিসা জাতীয় মাদক, ২০ কেজি যৌন উত্তেজক ওষুধ, ৫০ কেজি হোমিওপ্যাথি ওষুধ এবং ১০০ কেজি স্কিন ক্রিম।
এনএসআইয়ের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন জানান, পণ্য চালানের আড়লে মাদক আসছে—এমন খবর পেয়ে আমরা কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ৩১নং শেডে থাকা ট্রাক থেকে এসব ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ করি।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট স্বদেশ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সোইলামান হোসেন জানান, আমি কিছু জানি না। আমার কাজ করে ফিরোজ হোসেন নামে এক যুবক। সে আমাকে ডুবিয়েছে।









