নিজের কাছে হেরোইন রাখা ও বিক্রির দায়ে সিরাজগঞ্জে মো. ইকতিয়ার (৩১) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ইকতিয়ার সিরাজগঞ্জ পৌর মহল্লার সাহেদনগর বেপারী পাড়ার মো. আজাদ বেপারীর ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. রাশেদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০২০ সালের ১৪ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহেদ নগর বেপাড়ী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে চৌরাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতা ইকতিয়ারকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ঘটনায় সদর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিলেন বিচারক।