ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পাশেই রেলওয়ের একটি পুকুরে, দীর্ঘদিন ধরেই ময়লা-আবর্জনা ফেলায় একাংশ ভরাট হয়ে গেছে। ভরাট করা জমিতে একটি বাজার রয়েছে। এটি বউ বাজার নামে পরিচিত। বাজারটি রেলওয়ের জমিতে থাকলেও ইজারা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

রেলওয়ের ভূসম্পদ কর্মকর্তার বরাত দিয়ে সেখানে একটি সাইনবোর্ডও টাঙানো আছে, যাতে লেখা: ‘এই জমির মালিক বাংলাদেশ রেলওয়ে, এখানে বাজার বসানো সম্পূর্ণ নিষেধ।’ এর পাশেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি সাইনবোর্ড রয়েছে। যেখানে দুজন ব্যক্তিকে ৯ লাখ ৭৫ হাজার টাকার বিনিময়ে বাজারটি ইজারা দেয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার জামাল মিয়া বলেন, ‘আমরা পৌরসভা থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে বাজারটি ইজারা নিয়েছি।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার জসিম উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘জমিটি রেলওয়ের, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কোনোভাবেই তা ইজারা দিতে পারে না। আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা পরিদর্শন করে গেছেন।’

এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস বলেন, ‘সরকারি জমি সরকার ইজারা দিয়েছে। তাতে সমস্যা কোথায়।’ পৌরসভা আর রেলওয়ে এক নয় পৌরসভা রেলওয়ের জমি ইজারা দিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পৌরসভার আইনে মেয়র এ বাজার ইজারা দিয়েছেন। জমি কার দেখার বিষয় নয়। বাজারটি যেহেতু পৌরসভা এলাকার, আইনের বলে পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।’