সোমালি জলদস্যুদের হাত থেকে জিম্মি নাবিকদের মুক্ত করতে মুক্তিপণ দেয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর সব নাবিকের মুক্তিতে তিনি সন্তোষও প্রকাশ করেছেন।

রোববার (১৪ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এ ধরনের ঘটনা ফয়সালা করা নজিরবিহীন। নববর্ষের প্রথম দিনে আমরা আনন্দিত। শুধু তাদের আত্মীয়স্বজনই নয়, পুরো দেশবাসী খুবই আনন্দিত, আমরা আমাদের নাবিকদের মুক্ত করতে পেরেছি।’

খালিদ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম থেকেই শুনছি মুক্তিপণের কথা। এটার সঙ্গে আমাদের ইনভলভমেন্ট নেই। এ ধরনের তথ্য আমাদের কাছে নেই যে, টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলা নববর্ষের প্রথম দিনে নাবিক উদ্ধারে নতুন মাত্রা যুক্ত হয়েছে।’