সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর পুনরায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কারখানাটিতে আজ সকালে গ্যাস সরবরাহ শুরু হয়। এতে শিগগিরই কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

গ্যাস–সংকটের কারণে গত ৪ মার্চ থেকে বন্ধ ছিল কারখানাটি।

গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে বিসিআইসির বাণিজ্যিক, উৎপাদন ও গবেষণা পরিচালক (যুগ্ম সচিব) মো. মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আগে থেকেই ঘোড়াশাল-পলাশ ও শাহজালাল সার কারখানা চালু রয়েছে। এরসঙ্গে বহুজাতিক কাফকো (কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড) চালু রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই এটি উৎপাদনে ফিরবে।

সিইউএফএল বর্তমানে দৈনিক ১ হাজার ১০০ টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। এটি চালু হলে দেশে ইউরিয়ার উৎপাদন বাড়বে এবং আমদানি চাপ কিছুটা হলেও কমবে।