ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মেহেদি হাসান স্বপন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত স্বপন সারুটিয়া গ্রামের তালতলাপাড়ার দবির উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ ও নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর দুটি সামাজিক দল রয়েছে। নিহত মেহেদি হাসান স্বপন জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিলেন।
নিহতের বোনজামাই লিমন হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত একজন মারা গেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।










