নরসিংদীর পলাশ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাসেল সরকার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের বাসিন্দা। তিনি দুলালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তিনি ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পলাশ উপজেলায় যান। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। চরসিন্দুরের বালিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় রাসেল সরকারের মাথায় হেলমেট ছিল না। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।