দিনাজপুরের বিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছয়বস্তা চালসহ সুলতান মাহমুদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এঘটনায় তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটক সুলতান মাহমুদ ওই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোতাহার হোসেন নামের চাল ডিলারের ম্যানেজার। মোতাহার হোসেন দিওড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদ ওরফে মিন্টুর ভাই।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আজকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরণের তারিখ ছিল। সেখান থেকে ২৭০ কেজি চাল মতিন নামের জনৈক ব্যক্তি চুরি করে নিয়ে নিয়ে যাচ্ছিলো। এসময় এলাকাবাসী চাল আটক করে আমাকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিলারের ম্যানেজার সুলতানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ডিলার মোতাহার হোসেন ও চাল ক্রেতা মতিন পালিয়ে যান।

বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এছাড়াও ডিলারসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।