বাগেরহাটের চিতলমারীর চাঞ্চল্যকর শিশু রিফাত হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কর্মকর্তারা বলছেন, জমিজমা নিয়ে একই বংশের প্রতিপক্ষকে ফাঁসাতেই শিশুটিকে হত্যা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে মো. হাফিজুর রহমান তালুকদার ওরফে ছোট (২৯), শওকত তালুকদারের ছেলে ইকবাল তালুকদার (১৯) এবং আব্দুল হান্নান তালুকদারের ছেলে সাকিব তালুকদার (১৪)। 

আজ মঙ্গলবার দুপুরে পিবিআই বাগেরহাট কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান খুলনা বিভাগীয় প্রধান বিশেষ পুলিশ সুপার আতিকুর রহমান মিয়া। এসময় বাগেরহাট কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শহিদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদারসহ পিবিআই সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শাকিব ও ইকবাল শিশু রিফাতের চাচাতো ভাই। এদের মধ্যে হাফিজুর রহমান বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সমির মল্লিকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। প্রতিপক্ষকে ফাঁসাতে নিকট আত্মীয়ের পরিকল্পনায় শিশু রিফাতের চাচাতো ভাই-রাই তাকে তুলে নিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআই।

তিনি আরো বলেন, জমিজমা নিয়ে একই বংশের প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৯ সালের ২৬ নভেম্বর চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মান্নান তালুকদারের ৫ বছর বয়সী ছেলে রিফাতুল তালুকদারকে হত্যা করে স্থানীয় ওদুদ মেম্বারের পুকুরে ফেলে রেখে যায়।

পরে ২৮ নভেম্বর চিতলমারী থানায় একটি হত্যা মামলা হয়। পরবর্তীতে পিবিআইকে মামলাটির তদন্তের ভার দেয়া হয়।