দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলী শেখকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরত্বর আহত করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউএনওর বাসার গৃহপরিচারিকা জোবাইদা বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ। একইসাথে ওই ঘটনার কিছু গুরুত্বপূর্ণ আলামত হিসেবে একটি লাল শার্ট, প্লাস্টিকের লাঠি ও পিপিই জব্দ করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। জোবাইদা বেগম ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী, তবে তাদের দেশের বাড়ি জেলার ফুলবাড়িতে। 

ঘোড়াঘাট থানা পুলিশের একটি সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইউএনওর বাসার কাজের বুয়া জোবাইদা বেগমকে (৩৮) আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসাথে পুলিশের সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ইউএনওর উপর হামলার ঘটনার সময় অপরাধীদের ব্যবহৃত লাল শার্ট, প্লাস্টিকের লাঠি ও পিপিই জব্দ করে পুলিশ।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে ইউএনওর বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলী শেখকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর আঘাত করে। বর্তমানে ওমর আলী রংপুর মেডিকেলে ও ইউএনও ওয়াহিদা খানম ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।