কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ও সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে কবি জসীম উদ্দিন হল, মাস্টার দা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, রোকেয়া হলসহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেকেই বেরিয়ে যাচ্ছেন। এসব বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

এদিকে, কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই কলেজের হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া না হলেও গভীর রাত থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে থাকেন। সকাল ছয়টার দিকে কলেজের প্রধান ফটক দিয়ে বহু শিক্ষার্থীর ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়।

গতকাল মঙ্গলবার কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ছয় জন নিহত হন। শিক্ষার্থী নিহতের এ ঘটনা ছড়িয়ে পড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি)। বন্ধ ঘোষণা করা হয় স্কুল-কলেজও। এছাড়া বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সারা দেশে নিহতদের স্মরণে আজ বুধবার রাজু ভাস্কর্যের সামনে, গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিরাপত্তা বজায় রাখতে; ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি।