রাজধানীর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক এ কারিগরি ত্রুটির কারণে গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা ও বকশি বাজারসহ রাজধানীর বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ চলে যায়। রাত ১০টার কাছাকাছি সময় থেকে পরিস্থিতি তৈরি হলেও এক ঘণ্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরও অনেক গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাননি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, রামপুরা গ্রিডে যে ত্রুটি দেখা দিয়েছে, তা সমাধানে তাদের প্রকৌশলীরা কাজ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বণিক বার্তাকে বলেন, ‘রামপুরা গ্রিড সাবস্টেশনে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। বিকল্প উপায়ে সংযোগ দেয়ার জন্য কাজ করছে পিজিসিবি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।’