চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধে পদ্মা সেতু, ঢাকা-মাওয়া
এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু সেতু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা-বরিশাল
মহাসড়কসহ বিভিন্ন স্থানে যান চলাচল বিঘ্নিত হয়েছে। জামালপুর ও নারায়ণগঞ্জে রেলপথ অবরোধের
ঘটনায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল।
বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার পর থেকে রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে
রাজধানীর সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।
কোটা সংস্কারের দাবিতে এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতু উত্তর
থানার সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
ও পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা
ধাওয়ার ঘটনাও ঘটে। বেলা ১২টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সকাল সাড়ে ১০টা থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্ত্বর
এলাকায় অবস্থান নিয়ে কোটাবিরোধী কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা
সড়ক অবরোধ করে রাখেন। এর জেরে বঙ্গবন্ধু সেতুর ওপরসহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায়
যানজট দেখা দেয়। টাঙ্গাইলের কালিহাতীতেও সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
মাদারীপুরে আজ সকালে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে
রাখেন মাদারীপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েকশ শিক্ষার্থী। এ
সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জামালপুরে দুপুর ২টার পর থেকে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত
শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা একটি ট্রেন থামিয়ে দেন। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে
নারায়ণগঞ্জের চাষাড়া রেল ক্রসিংয়ে গাছের গুড়ি ফেলে রেলপথ অবরোধের ঘটনা ঘটে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জের
মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।










