রাজধানীর মুগদা ও মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র এবং কুমিল্লায় গাড়ির ধাক্কায় কাভার্ড ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। গতকাল সকালে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: গ্রামের বাড়ি থেকে জাকির খাঁর (৪৫) খিলগাঁওয়ের নন্দীপাড়ার বাসায় আসছিলেন কয়েকজন আত্মীয়স্বজন। গতকাল ভোরে তারা সায়েদাবাদ এলাকায় বাস থেকে নামেন। জাকির খাঁ তাদের নিয়ে বাসায় ফিরছিলেন। মুগদায় কমলাপুর স্টেডিয়ামের সামনে একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় জাকিরসহ অটোরিকশায় থাকা চারজন আহত হন। গুরুতর অবস্থায় জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাকির পেশায় অটোরিকশাচালক।
অন্যদিকে ভোরে মহাখালী ফ্লাইওভারের পাশের সড়কে পিকআপের ধাক্কায় জিদান (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক আরমান, পিকআপ চালক বাবুল ও তার সহকারী রাসেল।
বনানী থানার এসআই ইফতেখার মাহমুদ জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটি জানা যায়নি। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সরাসরি সংঘর্ষ হয়েছে, নাকি অন্য কোনোভাবে দুর্ঘটনা হয়েছে, সেটি জানার চেষ্টা চলছে।
মাদারীপুর: জেলার শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভদ্রাসনের গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (২০) ও গোয়ালকান্দা গ্রামের পান্ডব দাসের ছেলে তন্ময় দাস (২০)। আহত সীমান্তের বাড়ি পাঁচ্চর এলাকায়। হতাহতরা সবাই শিবচরের দত্তপাড়া ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী।
হাইওয়ে পুলিশ জানায়, ক্লাস শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পার্থ, তন্ময় ও সীমান্ত। মোটরসাইকেলটি বন্দরখোলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিতে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই পার্থ ও তন্ময় মারা যান। গুরুতর আহত হন সীমান্ত। পরে স্থানীয়রা সীমান্তকে পাঁচ্চরের একটি প্রাইভেট ক্লিনিতে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। মূলত বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ।
কুমিল্লা: চৌদ্দগ্রামে দুর্ঘটনায় মোহাম্মদ রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কাভার্ড ভ্যানচালক ছিলেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রামের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক গিয়াস উদ্দিন জানান, ভোরে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান সামনে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে কাভার্ড ভ্যানচালক মোহাম্মদ রানা নিহত হন।










