পুঁজিবাজারের তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডের এমডি মিয়া মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল প্রতারণার মামলায় ঢাকার বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের এমডি মিয়া মামুন। বহুল আলোচিত শেয়ারবাজার কারসাজিতে তার নাম বার বার এসেছে।

বনানী থানার ডিউটি অফিসার জানান, ময়মনসিংহে হওয়া দুটি প্রতারণা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। রোববার জাপান থেকে দেশে ফিরেছেন। গতকাল সকালে তাকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেয়া হয়েছে। 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেন্টু আলম খান বণিক বার্তাকে বলেন, ‘প্রতারণা মামলায় গ্রেফতার মিয়া মামুনের তিনটি পাসপোর্ট থাকা ও বাংলাদেশের পাশাপাশি জাপানের নাগরিকত্ব বিবেচনায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’