নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) ওয়ার্ল্ড মেরিটাইম প্যারালাল ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
প্রতি বছর আইএমও আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। গত ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয় এ অনুষ্ঠান‘।
ক্যাপাসিটি বিল্ডিং ফর সাসটেইনাবল ওশান’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ড. সাখাওয়াত হোসেন। এতে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির কৌশল ও বাংলাদেশসহ অন্য দেশের আরো সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়া টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ও সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

প্যানেল ও বৈঠকের পাশাপাশি অন্য দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন নৌ উপদেষ্টা। এতে বাংলাদেশের নৌপরিবহন খাতের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচনে (ডিসেম্বর ২০২৫) সি-ক্যাটাগরিতে বাংলাদেশের পক্ষে সমর্থন কামনা করেন।
নৌপরিবহন উপদেষ্টার এ ধরনের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ নৌপরিবহন খাতে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিতের পাশাপাশি দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। একই সঙ্গে আন্তর্জাতিক নীতি নির্ধারণে বাংলাদেশের ভূমিকা শক্তিশালী করবে। -বিজ্ঞপ্তি










