বরিশালের দুর্গাসাগরদীঘিতে পুণ্যস্নান করতে গিয়ে মন্দিপ মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মায়ের সঙ্গে স্নান করতে নেমে রাজদ্বীপ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মন্দিপের মা চম্পা মণ্ডল জানান, গতকাল দুপুরে দুর্গাসাগরদীঘিতে দুই ছেলেকে নিয়ে পুণ্যস্নানে যান সাগর মণ্ডল। স্নান শেষে ওঠার সময় মন্দিপকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে মাইকিং করেও না পেয়ে দীঘিতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালান। একপর্যায়ে ঘাটের কিছু দূর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। মন্দিপ মণ্ডল বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড অক্সফোর্ড মিশন রোডের ঘোষবাড়ীর সাগর মণ্ডলের ছেলে। সে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
অন্যদিকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে মা প্রিয়াঙ্কা দাস, খালা ও নানির সঙ্গে স্নান করতে নামে শিশু রাজদ্বীপ। এ সময় রাজদ্বীপ মায়ের হাতছাড়া হয়ে গেলে পানিতে ডুবে যায়। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










