দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অপবাদে গাছে বেঁধে আরিফ খান (১৫) ও সৌরভ হোসেন (১৫) নামে দুই কিশোরকে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার সাথে জড়িত ইউপি সদস্য নাজমুলকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে হিলির মোল্লাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরিফ খান হিলির চুড়িপট্টি গ্রামের মনির খানের ছেলে। সৌরভ হোসেন হিলির রেলস্টেশন এলাকার রফিকুল ইসলামের ছেলে। দুজনেই বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর শিক্ষার্থী।

ভুক্তভোগী আরিফ ও সৌরভ জানান, আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেলে হিলির মোল্লাবাজার এলাকায় ঘুরতে যান। এক পর্যায়ে মোটরসাইকেল রেখে আড্ডা দেয়ার সময় সড়কের পাশে থাকা ছাগলকে পাতা খাওয়ান। এসময় তাদের ছাগল চোর অপবাদে বেধড়ক মারধর করা হয়। 

সৌরভের মা শিরিন আকতার ও আরিফের বাবা মনির খান বলেন, শুধু সন্দেহের বশে গাছে বেঁধে মারধর করা হয়েছে। এরসাথে জড়িতদের বিচার দাবি করেন তারা।

অভিযুক্ত বোয়ালদাড় ইউপির ৬নং ওয়ার্ড সদস্য নাজমুল হোসাইন বলেন, ছাগল চোর সন্দেহে তাদের লোকজন একটু মারধর করলে আমিও তাতে অংশ নিয়েছি। সেটি আমার ভুল।

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব বণিকবার্তাকে বলেন, দুটি কিশোরকে চোর সন্দেহে পেটানো হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় যারা দুই কিশোরকে মারধর করছিল তারা পালিয়ে যায়। পরে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।

কিশোরকে পেটানোর পেছনে কারা জড়িত এবং কি কারনে পেটানো হচ্ছিল তা খতিয়ে দেখছি। এবিষয়ে তাদের অভিভাবকদের নিকট থেকে ৬জনকে আসামি করে অঙ্গাতনামা ১০জনকে আসামী করে অভিযোগ পেয়েছি। আমরা ইতোমধ্যেই অভিযান চালিয়ে নাজমুল নামের একইউপি সদস্যকে গ্রেফতার করেছি।