ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠান আগামীকাল বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করাবেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপি মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে এবং রাতে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্ধারিত সময় শেষের ১৯ মিনিট দেরিতে আসায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার আলোকেই গত ২ মে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি এবং সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। প্রকাশিত ওই গেজেট অনুযায়ী, শূন্য পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।