সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে অধিকতর সহযোগিতার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে দু'টি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেল জানায়, আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্যের চিকিৎসক দল ও রাতে চীন থেকে চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তাকে হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।










