নারায়ণগঞ্জ জেলায় উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই ২০২৪ সালে অনুষ্ঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় এই কার্যক্রমের অংশ হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় নারায়ণগঞ্জে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হবে।

স্মৃতিস্তম্ভ উদ্বোধনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩৬ জুলাই অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত এই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে জানাতে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।