প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বণিক বার্তাকে বলেন, তাকে ডেকে এ ঘটনায় অসন্তোষ জানানো হয়েছে।
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট উইং। তারপরে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে গতকাল দিল্লি যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। সেখানকার বিমানবন্দরের ইমিগ্রেশনে বাধা পান তিনি। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সম্মেলনে যোগ না দিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন।










