বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ রোগে আক্রান্ত হয়ে আরো ১ হাজার ২১৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, ঢাকা বিভাগে ৪৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪১ জন, খুলনা বিভাগে ১১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ১৪ জন ও সিলেট বিভাগে ১১ জন রয়েছেন। একই সময়ে ১ হাজার ৩৩৬ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরে মোট ৮০ হাজার ৫০ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৩৬ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।