তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘গত ১৫ বছরে দেশের ১৩ কোটি মানুষের কাছে সুলভ মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হয়েছে। মানুষ ঘরে বসে বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছে। ৬ লাখ ৯০ হাজার ফ্রিল্যান্সার, ৫০ হাজারের বেশি তরুণ কল সেন্টারে কাজ করছে। ডিজিটাল সেক্টরে প্রায় ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’ গতকাল বিকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

স্মার্ট নারী উদ্যোক্তারা যদি প্রশিক্ষণ, পুঁজি আর প্রযুক্তির সহায়তা পায় তবে সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে কোনো বাধা থাকে না বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের পর যদি সিড মানি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার একটি ল্যাপটপ পায় তবে কারো ওপর নির্ভরশীল থাকতে হবে না। আত্মবিশ্বাসের সঙ্গে আত্মনির্ভরশীল হয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে গড়ে উঠবে নারী উদ্যোক্তা।’

জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান প্রমুখ।