ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আজ দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই একটি ট্রাক সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। 

এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেলে তাদের নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের সদস্য মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে এবং নিহতদের পরচিয় শনাক্তে কাজ শুরু করেছে। ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয় বলে জানান তিনি। দুর্ঘটনার পরে রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।