টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় ট্রাক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে হেলপারসহ আরো দুই যাত্রী।

নিহত চালক হোসেন আলী (৩০) ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। 

আহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার নিশিন্তপুর এলাকার ট্রাক হেলপার নাইম (২৫), নওগাঁ জেলার জান্নাতুল (২৪) ও ফারুক (২৮) নামের দুই যাত্রী। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের গোল্লা এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে মহাসড়কের টাঙ্গাইলের গোল্লা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) কে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

পরে স্পেডার যন্ত্র ব্যবহার করে আটকা পড়া নিহত চালককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় আহত গাড়ির হেলপার ও দুই যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।