বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মহিপুরের ১৮ জেলে ট্রলারসহ ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এফবি আল-হাসান নামে ওই মাছ ধরা ট্রলারটি মৎস্যবন্দর মহিপুর মেসার্স মনোয়ারা ফিশঘাট থেকে গভীর সমুদ্রে যায়। এর পর থেকে ট্রলারের কোনো জেলের সঙ্গে মালিক ও স্বজনদের যোগাযোগ হয়নি। এসব তথ্য নিখোঁজ জেলেদের স্বজনরা জানিয়েছেন।
নিখোঁজ জেলেরা হলেন: লতাচাপলী ইউনিয়নে মুসুল্লিয়াবাদ গ্রামের ট্রলার মাঝি মো. নজরুল ইসলাম (নজির মাঝি), মহিপুর
সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের আল-আমিন, বরগুনা জেলার তালতলী উপজেলার ছোট বগি এলাকার শাকিল, শামিম, তোফাজ্জেল হোসেন ফকির, রমজান তালুকদার, শাহ আলম, আ. আজিজ, খলিল, হোছেন এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন এলাকার হাফিজুল্লাহ, কাশেম, ইউসুফ, বাবুল, আবুল কাশেম, কবির হোসেন, বাবলু ও জগন্নাথ।
কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ জেলেদের অনুসন্ধান অব্যাহত রেখে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে বিষয়টি অবহিত করেছি। এছাড়া দেশের সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজখবর নেয়া হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।









