সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন।
এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রসাশক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে তারেক রহমান সকাল ১০ টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
মাজারে যাওয়ার পথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান।
প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।
গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তিনি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের এটি প্রথম সফর।









