নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া নামা বাজারের পরিত্যাক্ত ঘরের একটি কক্ষ থেকে মাথা থেঁতলানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার জানান, বাজারের শীতলক্ষ্যা নদীর পাড়ে মঙ্গলখালী এলাকার আব্দুল আজিজ মিয়ার পরিত্যাক্ত ঘরে এক নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশ থেকে চিপসের খালি প্যাকেট, কোমল পানীয়র খালি বোতল ও নারীটির মাথা থেতলানোর ব্যবহৃত একটি ইট জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।










