ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়ায় পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন— নলছিটির রুবেল হাওলাদার (৩২) ও কাঁঠালিয়ার নাইম ইসলাম (২৭)। রুবেল প্রতাপ এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে ও নাইম আমরিবুনিয়া গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটর দিয়ে পুকুরে পানি সেচ করছিলেন রুবেল ও নাইম। এ সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম ও কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।