রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পুনরায় স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে দ্বিতীয় দফায় পেছাল ক্লাস শুরুর সময়। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়েছে। তবে কবে নাগাদ ক্লাস শুরু হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর পাঠদানের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।
এর আগে, ১ জুলাই থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছিল। তবে পেনশন-সংক্রান্ত নতুন নীতিমালা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে তা পেছানো হয়েছিল। তখন বলা হয়েছিল ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তবে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে নবীন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, দ্বিতীয় দফায় ক্লাস পিছিয়েছে। তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। তাছাড়া ক্লাস কখন শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এতে সেশনজটেও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. এসএম একরাম উল্যাহ জানান, বিশ্ববিদ্যালয়ে বড় দুটি আন্দোলন চলমান। একদিকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি, অন্যদিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলছে। তাই ১৫ জুলাই ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘নির্ধারিত সময়ে ক্লাস নেয়ার জন্য আমরা চেষ্টা করেছি। তবে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ফলে তা সম্ভব হচ্ছে না। তাই ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে।’
কবে নাগাদ ক্লাস শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা পরে একটি মিটিং করে সিদ্ধান্ত জানাব।’









