সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার এ মামলা করেন। ওসি দেওয়ান জগলুর হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর কবির কারাগারে থাকায় এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘জাহাঙ্গীর কবির পৃথক দুটি চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা কারাগারে আছেন। এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। তার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের অডিও গত ১২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে যৌথ অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে।