রাজধানীর সেতু ভবনে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতায় সরাসরি জড়িত ২ ব্যক্তিসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এদের মধ্যে ৭ জন বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এ নাশকতায় ইন্ধন দিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশিদ। বুধবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হারুন।

অর্থের বিনিময়ে এ হামলায় হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার হারুন বলেন, নাশকতায় জড়িতদের একে একে গ্রেফতার করা হচ্ছে। বাকিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের ডাটা সেন্টারে যারা হামলা করেছে, জামায়াত-শিবির ও বিএনপির কিছু নেতার সহযোগিতায় তারাই সেতু ভবন, বিটিভি ভবন ও মেট্রোরেল স্টেশনে হামলা চালিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে বিএনপির অঙ্গ-সংগঠন ও জামায়াতে ইসলামীর সহযোগিতায় তারা ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করার মাধ্যমে সহিংস ঘটনা ঘটায়। পুলিশের মনোবল ভেঙে দেয়ার জন্য তারা পুলিশের ওপর হামলা ও তাদের নৃশংসভাবে হত্যা করেছে।

বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে এসব সহিংসতা চালানো হয়েছে বলে আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আটককৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজ পাওয়া গেছে। আমাদের কাছে হামলা ও অগ্নিসংযোগের ভিডিও ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করা হচ্ছে। আটককৃতদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কারা ইন্ধন দিয়েছে, কারা অর্থ দিয়েছে সব জেনেছি। পরে এসব তথ্য বিস্তারিত জানাব।

ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, আটক মহাখালীর সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগ এবং মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় সরাসরি জড়িতরা হচ্ছেন— মো. রাকিব (২২) ও মো. জজ মিয়া। এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ইন্ধনদাতারা হচ্ছেন— ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর, সানিয়াত ভুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, কৃষক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান দয়াল, জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ও জামায়াতে ইসলামীর ভাটারা থানার আমীর রেজাউল করিম।