কোটা সংস্কার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ( ১৬ জুলাই)  দুপুর ১২টার পর সায়েন্সল্যাব মোড়ে সাইয়েন্স ল্যাবে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, তেজগাঁও কলেজ ও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

এ সময় তারা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা মেধা মেধা’, ‘লাঠিসোঁটা, টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দেন।  পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে ১০ শতাংশ নারী কোটা, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ও ১০ শতাংশ জেলা কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন। গত ৫ জুন সেই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের পর নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে তারা কোটা বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ করছিলেন। এর মধ্যে গত মঙ্গলবার চার দফা থেকে দাবি এক দফায় নামিয়ে আনেন আন্দোলনকারীরা। তাদের এক দফা হলো—সব গ্রেড থেকে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এবং অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাসের মাধ্যমে কোটা পদ্ধতি সংশোধন করতে হবে।