কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে গতকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বন্ধ ছিল বাস ও ট্রেন চলাচল। দুপুরে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগ অফিসে হামলা হয়েছে। সংঘর্ষে একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল দুপুরে জুমার নামাজ শেষে আন্দরকিল্লা জামে মসজিদ এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি নিউমার্কেট মোড়ে এলে বিক্ষোভকারীরা চট্টগ্রাম আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ইটপাটকেল ছোড়ে। পরে মিছিলটি লাভ লেন হয়ে কাজীর দেউড়ি এলাকায় আসে। এখানে আলমাছ মোড় এলাকা থেকে আরেকটি মিছিল এসে যোগ দেয়। তারা কাজীর দেউড়ি এলাকায় ১০ মিনিট অবস্থান করে। সেখান থেকে তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসকার দীঘি পৌঁছলে পুলিশ বাধা দেয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা রাস্তার পাশে থাকা ইট পুলিশের দিকে ছুড়ে মারে। পুলিশের আরো তিন-চারটি গাড়ি এসে যোগ দিলে বিক্ষোভকারীরা পিছু হটে। এরপর বিক্ষোভকারীরা চকবাজারের দিকে চলে যায়।
এদিকে আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে অবস্থান নেয়।
কাজীর দেউড়ি, নিউমার্কেট, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ, কাপ্তাই রাস্তার মাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গতকাল বিকালে কাজির দেউড়ি এলাকায় নছিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বকশি বিট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান বলেন, ‘আন্দোলনকারীদের দেখে কোনোভাবে কোটা আন্দোলনে যুক্ত শিক্ষার্থী বলে মনে হচ্ছে না। যারা মিছিল করছে, তারা বেশির ভাগ সরকারবিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত। তারা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, গতকাল তিন-চারজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিকালে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে এসেছেন। তার নাম মো. ওসমান (৩২)। তিনি পেশায় মুদি দোকানদার। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। তার অবস্থা আশঙ্কামুক্ত। মো. আশেক আরো জানান, গত এক সপ্তাহে এ হাসপাতালে সংঘর্ষে আহত হয়ে ১৮০-২০০ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিন-চারজন, এদের চিকিৎসা চলছে।
নগরীর চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গতকাল সন্ধ্যায় বহদ্দারহাট মোড়ে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।










